প্রাইম টিভি

রাজনীতি

বৃষ্টি উপেক্ষা করে মঠবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

গাজী আল আমিন, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:আগামী ১৫ আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগের নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃষ্টির মধ্যেই পৌর ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বের হওয়া মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।মিছিল ও শোডাউনে নেতৃত্ব দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।পথসভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব রিয়াজুল ইসলাম রিয়াজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান, পৌর যুবদলের সভাপতি মাইনুল ইসলাম রিপন মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।পথসভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, আগামী ১৫ আগস্টকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কোনো ধরনের নাশকতা কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।তিনি দলের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়।

 বৃষ্টি উপেক্ষা করে মঠবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল