প্রাইম টিভি

রাজধানী

কমলাপুর স্টেডিয়ামে চরম অব্যবস্থাপনা: ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রশাসক বরখাস্ত

ক্রীড়া ডেস্ক:রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আকস্মিক পরিদর্শনকালে দায়িত্বে গাফিলতির অভিযোগে স্টেডিয়ামের প্রশাসককে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনে যান ক্রীড়া প্রতিমন্ত্রী। সেখানে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সাথে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে স্টেডিয়ামের ড্রেসিংরুম, প্লেয়ার্স ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় জমে থাকা ধুলোবালি ও আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তীব্র গরমের মাঝে অনুপযোগী ও নোংরা পরিবেশের কারণে খেলোয়াড়দের ড্রেসিংরুম ছেড়ে বাধ্য হয়ে মাঠের বাইরে এসে বিশ্রাম নিতে দেখা যায়। এছাড়া স্টেডিয়াম প্রাঙ্গণে অটোরিকশার অনিয়ন্ত্রিত ব্যবহার ও গ্যারেজ ব্যবসা পরিচালনা এবং ছাদের ওপর অবৈধ স্থাপনা দেখে অসন্তোষ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। স্টেডিয়াম এলাকার চারপাশের দোকানপাটের বরাদ্দ বাতিলেরও নির্দেশ দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী জানান, প্রায় দুই মাস আগে পরিদর্শন করে স্টেডিয়ামের ছাদের অবৈধ স্থাপনা, ময়লা-আবর্জনা সরানো ও পরিচ্ছন্নতার নির্দেশ দেওয়া সত্ত্বেও প্রশাসনিক অবহেলার কারণে কোনো অগ্রগতি হয়নি। এরই পরিপ্রেক্ষিতে স্টেডিয়ামের প্রশাসক শফি কামালকে বরখাস্ত করা হয়েছে। প্রতিমন্ত্রী আরও আশ্বাস দেন, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি প্রতিনিধি দল দ্রুত পুরো স্টেডিয়াম সরেজমিনে পর্যবেক্ষণ করে সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে। পাশাপাশি স্টেডিয়ামটির সঠিক রক্ষণাবেক্ষণের জন্য নীতিগতভাবে এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তরের সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। দেশজুড়ে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে যেকোনো অনিয়মে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

কমলাপুর স্টেডিয়ামে চরম অব্যবস্থাপনা: ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রশাসক বরখাস্ত