রাজধানীর পুরান ঢাকার টিকাটুলিতে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৩) নিহত হয়েছেন। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০)। এ ছাড়া মো. হাসান (২৬) নামে এক কর্মীও আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী প্রাইম টিভিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।