জরুরি সেবার যান ছাড়া হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহার নিষিদ্ধ, আইন ভাঙলে ব্যবস্থা: বিআরটিএ
অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত এবং অন্যান্য রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।সোমবার (৩ আগস্ট) এক বার্তায় সংস্থাটি জানায়, গত ২১ জুলাই জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।বিআরটিএ জানায়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২–এর ৮১ নম্বর বিধি অনুযায়ী জরুরি সেবার নির্ধারিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বহুসুরের হর্ন কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টি করে-এমন হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।সংস্থাটির মতে, এ ধরনের অননুমোদিত হর্ন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একই সঙ্গে এসব হর্ন চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।বিআরটিএ আরও জানায়, সম্প্রতি বিভিন্ন মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্নের ব্যবহার বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। প্রচলিত আইন অনুযায়ী এসব হর্ন ব্যবহার দণ্ডনীয় অপরাধ।এ পরিস্থিতিতে জরুরি সেবার নির্ধারিত যানবাহন ছাড়া অন্য সব মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার, বহুসুরের হর্ন এবং তীব্র বা বিকট শব্দ সৃষ্টি করে—এমন অননুমোদিত হর্ন বা যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ।নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।