মোহাম্মদ সালাহকে নিয়ে তুরস্কের ফুটবলে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়লেও সেটি ভিত্তিহীন বলে জানিয়েছে সুপার লিগের ক্লাব ট্রাবজোনস্পোর। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ওঠে, বেসিকতাসের সঙ্গে প্রতিযোগিতায় সালাহকে দলে ভিড়িয়েছে ট্রাবজোনস্পোর এবং ক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।তবে এসব গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন ট্রাবজোনস্পোরের সভাপতি এরতুগ্রুল দোগান। তুর্কি সংবাদমাধ্যম এ স্পোর-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সালাহর সঙ্গে ক্লাবের কোনো ধরনের চুক্তি হয়নি এবং তাকে দলে আনার কোনো পরিকল্পনাও নেই।দোগান বলেন, “না, কোনো ধরনের চুক্তি হয়নি। তাকে ট্রাবজোনে আনার কোনো পরিকল্পনাও নেই। এমন কিছু থাকলে সেটি আমাদের পক্ষ থেকেই জানানো হতো এবং গণমাধ্যমও তা জানতে পারত।”তবে বিশ্বের অন্যতম সেরা এই ফরোয়ার্ডকে দলে পাওয়ার ইচ্ছার কথা অস্বীকার করেননি ট্রাবজোনস্পোর সভাপতি। তিনি বলেন, “সালাহ অত্যন্ত পেশাদার এবং বিশ্বমানের একজন ফুটবলার। সফল ক্যারিয়ার গড়া সেরা খেলোয়াড়দের একজন তিনি। অবশ্যই, সালাহকে কে না চাইবে? তবে সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।”এর ফলে ট্রাবজোনস্পোরে মোহাম্মদ সালাহর যোগ দেওয়ার জোরালো গুঞ্জনের আপাতত ইতি ঘটল। ক্লাবটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, মিসরীয় এই তারকাকে ঘিরে বর্তমানে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা চুক্তির বিষয় নেই।primetv/rir