প্রাইম টিভি

শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবায় জবি প্রশাসনকে অ্যাম্বুলেন্স উপহার দিল জকসু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে জবির ট্রেজারার, প্রক্টর, পরিবহন প্রশাসক ও ছাত্রকল্যাণ সম্পাদকের কাছে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়।অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার প্রতিশ্রুতি নির্বাচনের আগেই দেওয়া হয়েছিল। নির্বাচিত হওয়ার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে জকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়েছে।তিনি বলেন, সাম্প্রতিক হামলায় ৭০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার বিচার এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। পাশাপাশি হামলায় জড়িত বহিরাগত, অছাত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে ‘কোড অব কনডাক্ট’ প্রণয়নের দাবি জানান তিনি।এ ছাড়া জকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, বরাদ্দকৃত ২০ কোটি টাকা দিয়ে চলতি বছর এক হাজার ৬০০ শিক্ষার্থীর জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে একজন চিকিৎসক ও একজন টেকনিশিয়ান নিয়োগেরও দাবি জানানো হয়।অনুষ্ঠানে জকসুর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে সংঘটিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতা, হাসপাতালে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ক্যাম্পাসে তৈরি হওয়া নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবায় জবি প্রশাসনকে অ্যাম্বুলেন্স উপহার দিল জকসু