চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহাসিক ধর্মপুর দরবার শরীফে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) দরবার শরীফ প্রাঙ্গণে আশেকে রাসূল হযরত ইসলাম শাহ্ চাঁটগামী (রহ.)-এর এই বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।ওরশ শরীফকে কেন্দ্র করে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত, আশেকান ও মুরিদানের ঢল নামে। দিনব্যাপী পবিত্র খতমে কুরআন, জিকির-আজকার, মিলাদ-কিয়াম ও বিশেষ আলোচনা সভার মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে পুরো দরবার প্রাঙ্গণ।ধর্মপুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব সৈয়দ আবদুস শাকুর রায়হানী আজিজি নকশাবন্দী (মা.জি.আ.)-এর সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা সৈয়দ তাহসিন আহমদ নকশাবন্দী, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম। অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দেশবরেণ্য ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা হযরত ইসলাম শাহ্ চাঁটগামী (রহ.)-এর বর্ণাঢ্য জীবনাদর্শ, আধ্যাত্মিক সাধনা এবং ইসলামের শান্তির বাণী তুলে ধরেন। বক্তারা বলেন, অলি-আউলিয়াদের দেখানো পথে চললে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে। ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ আখেরি মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত ভক্ত ও মুরিদানদের মাঝে তবারক বিতরণ করা হয়।