দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলা এবং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও প্রস্তুতি বাড়াতে ঢাকার কেরানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি।রোববার (২২ নভেম্বর) কেরানীগঞ্জের কোনাখোলা ফায়ার স্টেশনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে স্বেচ্ছাসেবকদের ভূমিকম্প, অগ্নিনির্বাপণ, উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।এ সময় ভূমিকম্পের সময় করণীয়, অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা, আগুন নেভানোর প্রাথমিক কৌশল, দুর্ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের নিরাপদে উদ্ধার এবং জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।প্রশিক্ষণে দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে পরিস্থিতি বুঝে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়া, উদ্ধারকাজে সমন্বয় করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কৌশল শেখানো হয়।আয়োজকরা জানান, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করা অত্যন্ত জরুরি। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা যেকোনো দুর্যোগে দ্রুত সাড়া দিয়ে উদ্ধারকাজে সহযোগিতা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দক্ষ ও সচেতন স্বেচ্ছাসেবক গড়ে তুলতে সহায়ক হবে।