চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ ৫ জন যশোরে গ্রেপ্তার
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ পাঁচজনকে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রামে চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। আইনপ্রয়োগকারী সংস্থার দীর্ঘদিনের নজরদারিতে ছিলেন তিনি। সম্প্রতি তার সহযোগীদের গ্রেপ্তারের পর পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তার অবস্থান নিশ্চিত করা হয়। এর পরই ঝিকরগাছায় অভিযান চালিয়ে তাকে ও তার চার সহযোগীকে আটক করা হয়।এর আগে গত রোববার (২৬ জুলাই) রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের দুই সহযোগী মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেপ্তার করেছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, গ্রেপ্তারের সময় আসিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি এবং আরিফের পকেট থেকে আরও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই সহযোগী নিজেদের ডেভিড ইমনের ক্যাডার হিসেবে পরিচয় দেন এবং দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমেই মূল হোতা ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করে পুলিশ।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তাদের পুরো সন্ত্রাসী নেটওয়ার্ক, অবৈধ অস্ত্রের উৎস এবং চট্টগ্রামে সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।primetv/rir